Sylhet Today 24 PRINT

এস্পানিওলকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ১১ মার্চ, ২০২৩

কাতালান ক্লাব এস্পানিওলকে হারিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে এক গোলে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

দলের পক্ষে দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও এদের মিলিতাও গোল দুটি করেন। এস্পানিওলের পক্ষে একমাত্র গোল করেন হোসেলু।

এর মাধ্যমে এস্পানিওলের বিপক্ষে সর্বশেষ ১৭ ম্যাচের ১৫টিতেই জিতেছে তারা, ড্র করেছে বাকি দুটি। আর ঘরের মাঠে এই প্রতিপক্ষের বিপক্ষে লা লিগায় খেলা ৮ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা।

ম্যাচের শুরু থেকে খেলার নিয়ন্ত্রণ নেওয়া রিয়াল মাদ্রিদ পিছিয়ে যায় ম্যাচের ৮ম মিনিটেই। গোলটির আক্রমণের শুরুটা করেছিলেন সের্হি গোমেজ। ডান প্রান্তে লম্বা ক্রস বাড়ান তিনি সানচেজকে উদ্দেশ করে। সেই ক্রস ধরে কামাভিঙ্গাতে ফাঁকি দেন সানচেজ। ডান প্রান্ত থেকে তিনি নিচু পাস দেন হোসেলুকে। এরপর ঠাণ্ডা মাথায় থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি।

গোল খেয়ে যেন আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ২২তম মিনিটে বাঁ প্রান্তে টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। এরপর পোস্টের ডানপ্রান্ত দিয়ে দারুণ এক শটে গোলটি করেন তিনি।

৩৯তম মিনিটে মিলিতাওয়ের গোলটিতেও পরোক্ষ অবদান ছিল ভিনিসিয়াসের। বাঁ পাশে অসাধারণ এক পাসে চুয়ামেনিকেবল বাড়ান তিনি। চুয়ামেনির ক্রস থেকে দুর্দান্ত এক হেডে ব্যবধান ২–১ করেন মিলিতাও।

এই জয়ের পর ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.