Sylhet Today 24 PRINT

এমবাপের গোলে পিএসজির কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০২৩

এক-এক গোলের সমতায় ম্যাচ যখন নিষ্পত্তির পথে তখন যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে পিএসজিকে জেতালেন পিএসজি। তার এই গোলে ম্যাচ জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকায় নিজেদের স্থান সুসংহত করল চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে লিগ ওয়ানের ম্যাচে ২-১ গোলে জিতেছে পিএসজি। কার্লোস সলের সফরকারীদের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ফঁক অনুখা। আর যোগ করা সময়ে প্রতি আক্রমণ থেকে ব্যবধান গড়ে দেন এমবাপে।

চ্যাম্পিয়ন্স লিগের দুঃস্বপ্নের ইতির পর লিগে জয়ের জন্যে মরিয়া ছিল পিএসজি। ম্যাচের শুরু থেকেই তার ছিল প্রকাশ। একের পর এক আক্রমণ করেও যাচ্ছিল তারা। কিন্তু গোল হচ্ছিল না।

অবশেষে ম্যাচের ৩৭তম মিনিটে ডেডলক ভাঙেন সলের। এমবাপের শট জোত ফিরিয়ে দিলে পেয়ে যান সলের। অরক্ষিত এই স্প্যানিশ মিডফিল্ডারের বুলেট গতির শট ক্রসবারের নিচের দিকে লেগে জড়ায় জালে।

এদিকে, এক গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ব্রেস্ত। ম্যাচের ৪৩তম মিনিটে দলকে সমতায় ফেরান অনুখা। রোমাঁ দেল কাস্তিয়োর কাছ থেকে বল পেয়ে সের্হিও রামোসকে এড়িয়ে জানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করেন অনুখা।

শেষ দিকে গোলের জন্য একটু বেশিই মরিয়া হয়ে ওঠে ব্রেস্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রতি আক্রমণে বল পেয়ে প্রথম স্পর্শেই এমবাপেকে খুঁজে নেন মেসি। শট টাইমিং ও গতি ছিল দুর্দান্ত। ‘ওয়ান-অন-ওয়ানে’ এবার কোনো ভুল করেননি এমবাপে, গোলরক্ষককে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি।

২৭ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল পিএসজি। এক ম্যাচ কম খেলা মার্সেই ৫৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ২৩ পয়েন্ট নিয়ে ব্রেস্ত আছে ১৫ নম্বরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.