স্পোর্টস ডেস্ক | ১২ মার্চ, ২০২৩
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায় তারা। যদি সম্ভব হয় তবে এটাই হবে ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে অর্জন।
ইংল্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। দলটির বিপক্ষে আগে এক ম্যাচও জয় ছিল না বাংলাদেশের। কিন্তু ৯ মার্চ অনুষ্ঠিত ম্যাচে সবাইকে অবাক করে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচ জয়ের ব্যবধান ছিল ৬ উইকেটের। ইংল্যান্ডের করা ১৫৬ রানের জবাবে দুই ওভার বাকি থাকতেই বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায়।
আজ রোববার (১২ মার্চ) দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে স্বাগতিক শিবিরে সিরিজ জয় নিয়ে বিশ্বাস শতভাগ। শনিবার সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার সিরিজ জেতা নিয়ে প্রশ্নের মুখে হাসান মাহমুদ প্রতিবারই দিয়েছেন আত্মবিশ্বাস। ‘আমরা ইনশাআল্লাহ্ সিরিজ জিতব। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ইনশাআল্লাহ্ ভালো কিছু হবে। অধিনায়ক (সাকিব আল হাসান) আমাদের সাহস দিচ্ছেন। আমরা তরুণ আছি সবাই। সব কিছু মিলে ঠিকঠাক চলছে।’
উইকেট নিয়েও হাসান দিয়েছেন আশ্বাস। ভালো উইকেট হবে এবং বাংলাদেশ ভালো করবে। ‘মিরপুরে খেলা যেহেতু হবে, অবশ্যই ভালো উইকেটেই হবে। এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদেরকে চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে ওদেরকে এখানেও হারানোর।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।