স্পোর্টস ডেস্ক | ১৪ মার্চ, ২০২৩
রনি তালুকদার ও লিটন কুমার দাস ভালো শুরু করেছিলেন। সেটা ধরে রাখল বাংলাদেশ। যদিও শেষের পাঁচ ওভারে আশানুরূপ রান আসেনি, তবু ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৫৮ রান।
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেছেন অপরাজিত ৪৭ রান। এই দুই জনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
রনি তালুকদার করেছেন ২২ বলে ২৪ রান।
রনি দ্রুত ফিরলেও আরেক প্রান্তে ঝড় তুলেছেন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে এসে খোলস ছেড়ে বেরিয়েছেন। ৪১ বল খেলে ৮ বাউন্ডারিতে অর্ধশতক পূরণ করেন লিটন।
ফিফটির পর দ্রুত রান তোলায় মনযোগী ছিলেন লিটন। তবে বেশি দূর এগোতে পারলেন না। ক্রিস জর্ডানের করা শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে সল্টের হাতে ধরা পড়েছেন তিনি। তার আগে ৫৭ বল খেলে ১০ চার এবং এক ছক্কায় ৭৩ রান করেছেন এই ওপেনার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ইনিংস।
১৩৯ রানে ২ উইকেট হারানোর পর দলের দায়িত্ব নিতে মাঠে নেমে পড়েন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।