Sylhet Today 24 PRINT

সিলেটে সাকিব-হৃদয়ের ব্যাটে চড়ে বাংলাদেশের ৩৩৮

স্পোর্টস ডেস্ক |  ১৮ মার্চ, ২০২৩

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে ৩৩৮ রান করেছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের রেকর্ড সংগ্রহ করে।

৮১ রানে ফিরে যান তিন টপঅর্ডার ব্যাটার তামিম ইকবাল, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ফিরে গেলেও সাকিব-হৃদয়ের জুটিতে বাংলাদেশ বিশাল রান সংগ্রহ করে। এটাই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান।

এরআগে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে রান ছিল ৮ উইকেটে ৩৩৩। ইংল্যান্ডের নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ওই রান করেছিল বাংলাদেশ। ওই বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে ৩৩০ করেছিলেন সাকিব-মুশফিকরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের ম্যাচে সাকিব ও হৃদয় ১২৫ রানের জুটি গড়েন। ফিরে যাওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে ৮৯ বলে নয়টি চারের শটে ৯৩ রানের ইনিংস। ওয়ানডে ফরম্যাটে সাত হাজার রানের কীর্তি গড়েছেন তিনি।

ওয়ানডে অভিষেক হওয়া তৌহিদ হৃদয় ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন। আটটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে সাকিবের মতো সেঞ্চুরি বঞ্চিত হন এই তরুণ। এছাড়া মুশফিকের ব্যাট থেকে ২৬ বলে তিনটি চার ও তিন ছক্কায় আসে ৪৪ রানের ঝড়ো ইনিংস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.