স্পোর্টস ডেস্ক | ১৭ এপ্রিল, ২০২৩
২০২১ সালের নিলামে মুম্বাই কিনেছিল অর্জুনকে। দলটিতে যোগ দিলেও দুই বছর পর হলো আইপিএল অভিষেক। আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার পুত্র অর্জুন টেন্ডুলকারের। তাতে আইপিএল ইতিহাসে প্রথমবার কোনও বাবা-ছেলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার অনন্য রেকর্ড গড়লেন।
এই উপলক্ষে সরব শচীনের সাবেক সতীর্থরা। সাবেক তারকা ইরফান পাঠান টুইট করেছেন, ‘বাবা ও ছেলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললো। আইপিএলে ঐতিহাসিক প্রথম। অর্জুন টেন্ডুলকারকে শুভকামনা।’ সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি লিখেছেন, ‘অর্জুনকে মুম্বাইয়ের হয়ে খেলতে দেখে খুব খুশি। চ্যাম্পিয়ন বাবাও নিশ্চিতভাবে গর্বিত। তার জন্য শুভকামনা।’
বাবা ব্যাটার হলেও ছেলে অর্জুন বোলার। কলকাতার বিপক্ষে দুই ওভার বল করে ১৭ রান দেন তিনি। প্রথম ওভারে চার রান দেন এই পেসার, একটি রান আসে অতিরিক্ত। ইনিংসের তৃতীয় ওভারে দেন ১৩ রান। পরে আর বল করেননি।