Sylhet Today 24 PRINT

খেলোয়াড়িজীবনে যতবার নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক |  ০৩ মে, ২০২৩

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্যে নিষিদ্ধ করে তার ক্লাব পিএসজি। এই সময়ে তিনি খেলতে পারবেন না কয়েকটি ম্যাচ, দলের সঙ্গে যোগ দিতে পারবেন না অনুশীলনে। এমনকি পাবেন না এই কদিনের বেতনও।

এদিকে, আরেক খবর ছড়িয়েছে পিএসজির সঙ্গে মেসির চুক্তির নবায়ন হচ্ছে না। ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি।

মেসি পিএসজির হয়ে সর্বশেষ খেলেছেন রোববার। লিগ আঁতে লঁরার বিপক্ষে ম্যাচের পরই পর ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমিত চেয়েছিলেন তিনি। সোমবার দলের অনুশীলন সূচি থাকায় তাকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও লুইস কাম্পোস। অনুমতি না পাওয়ার পরও পরিবার নিয়ে সৌদি আরবে যান আর্জেন্টাইন অধিনায়ক। তখনই আভাষ ছিল, এ জন্য শাস্তি হতে পারে মেসির।

আর্জেন্টাইন এই সুপারস্টার পেশাদার ক্যারিয়ারে এরআগে খেলেছেন কেবল বার্সেলোনা ক্লাবে। দীর্ঘ ফেলোয়াড়ি জীবনে পিএসজি মেসির দ্বিতীয় ক্লাব। কয়েক বছর আগে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দলে রাখেনি বার্সেলোনা। ফ্রি-এজেন্ট হিসেবে পিএসজিতে যোগ দেন মেসি।

২০০৪ সালের ১৭ অক্টোবর বার্সেলোনা ফুটবল ক্লাবের মূল দলে অভিষেক হয় লিওনেল মেসির। ক্লাব ফুটবলে তার সকল অর্জনের সঙ্গে যুক্ত রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নাম।

শৃঙ্খলা ভঙ্গের কারণে কেবল পিএসজিতেই নয়, এর আগে বার্সেলোনা ক্লাবেও একাধিকবার বরখাস্ত বা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন মেসি। খেলতে পারেননি অনেকগুলো ম্যাচ। নিষেধাজ্ঞা ও অনুপস্থিতির কারণে এখন পর্যন্ত ৪০৬ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি ১৬ ম্যাচ।

মেসি প্রথমবার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি। বার্সেলোনার হয়ে খেলতে নেমে দেখেছিলেন লাল কার্ড। ১১ দিনের নিষেধাজ্ঞার কবলে পড়ে খেলতে পারেননি দুটি ম্যাচ।

একই বছরে আগস্টে ফের লাল কার্ড দেখেন। সেবার একটি ম্যাচ খেলতে না পারলেও মাঠের বাইরে থাকতে হয়েছে ৮৬ দিন। দুটিই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

২০১২ সালে একবার বং ২০১৭ সালে দুবার লা লিগায় হলুদ কার্ড দেখার কারণে বার্সেলোনার হয়ে একটি করে ম্যাচ মিস করেছেন।

২০১৭ সালে আবার দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব চলাকালে আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। এক ম্যাচে ছিলেন না। পরে দক্ষিণ আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েশনকে দুর্নীতিগ্রস্তও বলেছিলেন তিনি। এজন্য ২০১৯ সালের আগস্টে তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ ও ৫০ হাজার ডলার জরিমানা করা হয়। এসময় মেসি ৯২ দিন মাঠের বাইরে থেকে ৪টি ম্যাচে খেলতে পারেননি।

এছাড়া ২০২১ সালে দুইবার লাল কার্ডের শাস্তির মুখে পড়েন তিনি। একটি ছিল কোপা আমেরিকায়, অন্যটি লা লিগায়। দুটিতেই একটি করে ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.