স্পোর্টস ডেস্ক | ১৭ মে, ২০২৩
সেমিফাইনালের প্রথম লেগে ফাইনালের পথে অনেকটাই পথ পাড়ি দিয়ে রেখেছিল ইন্টার মিলান। ২ গোলে জয়ের পর, এবং দ্বিতীয় লেগে এক গোলে জয়; এসি মিলানকে টপকে ফাইনালে উঠে এসেছে ইন্টার মিলান।
এরমাধ্যমে ইতালিয়ান ক্লাবটি ১৩ বছর পর উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
এবার চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠেছিল ইতালিয়ান ক্লাবটি। এই গ্রুপ থেকে ইন্টারের তিন প্রতিপক্ষ ছিল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ভিক্টোরিয়া প্লজেন। ‘মৃত্যুকূপ’ বলা হয়েছিল ‘সি’ গ্রুপকে। ইন্টার সেই ‘কূপ’ থেকে উঠে এখন চূড়ান্ত সাফল্য পাওয়ার অপেক্ষায়। আর মাত্র এক ধাপ। ফাইনালটা পাড়ি দিতে পারলেই ইউরোপসেরা!
ফাইনালে উঠে আসার পথেই ইতিহাস গড়েছে ইন্টার। এবার চ্যাম্পিয়ন্স লিগে সিমোন ইনজাঘির দলের অভিযাত্রা শুরু হয়েছিল হার দিয়ে। সান সিরোয় ৭ সেপ্টেম্বর বায়ার্নের কাছে ২-০ গোলের হারে যাত্রা শুরু করেছিল ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে হার দিয়ে যাত্রা শুরু করেও ফাইনালে উঠল ইন্টার।
সেমিফাইনালের ফিরতি লেগে ৭৪ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে ১-০ ব্যবধানের জয় পায় ইন্টার। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে ফাইনালে উঠল তিনবারের চ্যাম্পিয়নরা।
আজ রাতে অপর সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।