Sylhet Today 24 PRINT

ভিনিসিয়াসের লাল কার্ড প্রত্যাহার, ভ্যালেন্সিয়াকে জরিমানা, গ্রেপ্তার ৭

স্পোর্টস ডেস্ক |  ২৪ মে, ২০২৩

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে লাল কার্ড দেখানোর ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার পর সেই লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে।

ম্যাচে রিয়ালের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করার পর প্রতিক্রিয়া দেখান তিনি। এরপর তাকে লাল কার্ড দেখান রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগয়চিয়া।

র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ভিএআর দেখার সময় রেফারি ঘটনার পুরোটা দেখতে পাননি বলেই লাল কার্ডের সিদ্ধান্ত দিয়েছিলেন।

“আরএফইএফ কম্পিটিশন কমিটি এটা বিবেচনায় নিয়েছে যে, মাঠের ওই সময়কার ঘটনার সমগ্রতা ভাবনায় না রেখেই রেফারি মূল্যায়ন করেছেন, যা রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। যেহেতু ঘটনার নিশ্চায়ক একটি অংশ দেখা থেকে তাকে (রেফারি) বঞ্চিত করা হয়েছিল, এজন্যই সে একপাক্ষিক একটি সিদ্ধান্ত নিয়েছিল। যা হয়েছে, সেটির উপযুক্ত মূল্যায়ন করা তার পক্ষে সম্ভব ছিল না।”

সেই লাল কার্ড নিয়ে বিশ্বজুড়েই সমালোচনা হচ্ছিল। বিশেষ করে বর্ণবাদের শিকার হওয়ার পর ও তাকে নানাভাবে উসকে দেওয়ার এই লাল কার্ড অন্যায্য ছিল বলেই অভিমত ছিল অনেকের। ম্যাচের ওই সময়ের নানা ভিডিও ও ছবিতে দেখা যায়, ভালেন্সিয়ার এক ফুটবলার ভিনিসিয়াসকে পেছনে থেকে গলা পেঁচিয়ে টেনে ধরে রেখেছিলেন।

এদিকে, ভিনিসিয়াসের এই লাল কার্ড প্রত্যাহার করার পাশাপাশি শাস্তি দেওয়া হয়েছে ভালেন্সিয়াকে। ভালেন্সিয়াকে জরিমানা করা হয়েছে ৪৫ হাজার ইউরো। মেস্তায়া স্টেডিয়ামের যে অংশ থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে ভিনিসিটাস জুনিয়রকে, সেই সাউথ স্ট্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচ ম্যাচের জন্য।

এরবাইরে ওই ম্যাচের ভিএআর রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ভিয়ানুয়েভাকে বুধবারের লা লিগা ম্যাচের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে।

স্প্যানিশ পুলিশ জানিয়েছে, ভিনিসিয়াসের প্রতি বর্ণবাদী আচরণের পৃথক দুটি ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। ম্যাচের সময় তাকে বর্ণবাদী আক্রমণ করায় আটক হয়েছেন ৩ জন। গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের সামনের একটি ব্রিজ থেকে ভিনিসিয়াসের প্রতিকৃতি ঝুলিয়ে দেওয়ার ঘটনায় আটক করা হয় ৪ জনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.