স্পোর্টস ডেস্ক | ১৪ জুন, ২০২৩
দারুণ ব্যাট করছিলেন নাজমুল হোসেন শান্ত। শতক পূর্ণ করে হাঁটছিলেন দেড়শ রানের দিকে। আফগান বোলারদের খেলছিলেন স্বাচ্ছন্দের সঙ্গে। তবে হঠাৎ ছন্দপতন। আউট হয়ে গেলেন শান্ত।
৫৮তম ওভারে স্পিনার আমির হামজাকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন। এতক্ষণ পর্যন্ত আক্রমণাত্মক শটগুলো ঠিকঠাক হলেও এবার হলো না আর। ২ ছক্কা ও ২৩ চারের দারুণ ইনিংসটার অপমৃত্যুই ঘটল! দেড়শ রানের কাছাকাছি যেয়েও ছোঁয়া হলো না মাইলফলক। ১৭৪ বলে ১৪৬ রানে থামতে হলো বাংলাদেশের নতুন রানমেশিনকে।
ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন অধিনায়ক লিটন। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭২ রান।
এর আগে অল্প রানেই বিদায় নিয়েছেন মুমিনুল হকও। টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক ১৫ রান করেই নিজাত মাসুদের বলে আউট হয়ে যান। বাউন্সার তার ব্যাটের কোনা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার আফসার জাজাইয়ের হাতে। অবশ্য আম্পায়ার প্রথমে বোলারের আবেদনে সাড়া দেননি। ফলে ডিআরএসের শরণাপন্ন হয় আফগানরা। টিভি রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে আলত করে ছুঁইয়ে গেছে। ফলে রিভিউয়ে আউটের সিদ্ধান্ত দেন তিনি।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৬ রানের মাথায় জাকির আউট হলে ওপেনার জয়কে নিয়েই দলের হাল ধরেন শান্ত। ম্যাচটিতে তিনি ১১৮ বলে তুলে নেন সেঞ্চুরি। শতরান তুলতে হাঁকিয়েছেন ১৮টি চারের মার। এ ছাড়া ১০২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
এদিন ব্যাটিংয়ে নেমে ১.১ ওভারে নিজাতুল্লাহ মাসুদের বলে উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে ক্যাচ তুলে দেন জাকির। এটি ছিল আফগানিস্তানের জার্সিতে মাসুদের প্রথম বল। আর সেই বলেই সফল হন এ পেসার। জাকির সাজঘরে ফেরেন ২ বলে ১ রান করে। এর পরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
মূলত অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দেন জাকির। শুরুতে মনে হয়েছিল বলটি ব্যাটে লাগেনি। তাই আম্পায়ার পল রাইফেল আউটও দেননি। তবে আফগানিস্তান রিভিউ নিলে দেখা যায়, মাসুদের করা বলটি জাকিরের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছে। পরে দেয়া হয় আউট। এদিকে ২১২ রানের জুটি গড়ার পর তা ভাঙেন আফগানিস্তান স্পিনার রহমত শাহ।