স্পোর্টস ডেস্ক | ১৫ জুন, ২০২৩
বিশ্বকাপে নকআউট পর্বে হারের প্রতিশোধ নেওয়া হলো না অস্ট্রেলিয়ার। কাতার বিশ্বকাপে হারের পুনরাবৃত্তি হলো বেইজিংয়ে।
বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে দুই অর্ধের দুই গোলে প্রীতি ম্যাচটি সহজেই জিতে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু হতে না হতেই লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল করে জয় নিশ্চিত করেন গেরমান পাৎসেয়া।
বিশ্বকাপেও দুই গোল করে ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। অবশ্য এনজো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে ম্যাচের ফল শেষ পর্যন্ত ছিল ২-১।
ম্যাচের শুরু হতে না হতেই গোল; গোলদাতা লিওনেল মেসি। ম্যাচের ঘড়ির কাঁটায় তখন ৮০ সেকেন্ড মাত্র অতিবাহিত হয়েছে। এটাই ক্যারিয়ারে মেসির দ্রুততম গোল।
ম্যাচের দ্বিতীয় মিনিটে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ম্যাথিউ লেকির ভুলে বল পান এনজো ফার্নান্দেজ। চেলসি তারকা বল বাড়ান মেসিকে উদ্দেশ্য করে। ডি-বক্সের একটু বাইরে বল পেয়ে বাঁকানো শটে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।
২৮ মিনিটে অবশ্য দারুণ একটি সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার সামনে। জর্দান বসের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে কাছাকাছি জায়গা থেকে শট নেন মিচেল ডিউক। প্রথম প্রচেষ্টায় এমিলিয়ানো মার্তিনেজ ঠেকানোর পরও বল ফিরে আসে পোস্টে লেগে। এরপর ঝাঁপিয়ে পড়ে ফের দলকে রক্ষা করেন মার্তিনেজ।
৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। দি পলের ক্রসে দারুণ এক হেডে বলকে জালের ঠিকানা দেখান গেরমান পাৎসেয়া।
১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে।