Sylhet Today 24 PRINT

ইতালিকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০২৩

ইতালিকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে মুখোমুখি হবে তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে।

স্পেন ইয়েরিমো পিনোর গোলে শুরুতে এগিয়ে গেলেও সমতায় ফেরে ইতালি চিরো ইম্মোবিলে গোলে। আর শেষ দিকে গোল করে স্পেনকে ফাইনালে তোলেন হোসেলু।

ইতালি শুরুতেই পিছিয়ে পড়ে ডিফেন্সের ভুলে। ডিফেন্ডার ও অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি গোলরক্ষকের পাস নিয়ন্ত্রণে নিতে একটু বেশিই দেরি করে ফেলেন। এই সুযোগে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ইয়েরিমো পিনো। এরপর ভিয়ারিয়াল মিডফিল্ডার নিখুঁত কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন।

জবাব দিতে অবশ্য দেরি করেনি ইতালি। একাদশ মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন লাৎসিও ফরোয়ার্ড ইম্মোবিলে। ডি-বক্সে ফ্রান্সে জন্ম নেওয়া স্প্যানিশ ডিফেন্ডার লি নমোঁর হাতে বল লাগলে পেনাল্টি পায় ইতালি।

ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় স্পেন। আক্রমণ প্রতিহত করতে গিয়ে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ইতালি। ফিরতি বল ডি-বক্সের বাইরে পেয়ে জোরাল শট নেন রদ্রি। বক্সে বল প্রতিপক্ষে দুজনের গায়ে লেগে চলে আসে গোলমুখে হোসেলুর কাছে। দোন্নারুম্মাকে কোনো সুযোগ না দিয়ে বল বাতাসে থাকা অবস্থায় টোকায় দলকে জয় এনে দেন আলভারো মোরাতার বদলি নামা হোসেলু।

আগামী রোববার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.