Sylhet Today 24 PRINT

মমিনুলের পর টেস্টে শান্তর জোড়া সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

মমিনুল হকের পর এক টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (১৬ জুন) ঢাকা টেস্টের তৃতীয় দিন সফরকারী আফগানিস্তানের বিপক্ষে শান্ত এই কীর্তি গড়েন।

টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিন ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন শান্ত।

আগের দিন ৬৪ বলে ৫৪ রানে দিন শেষ করা নাজমুল হাসান শান্ত আজও দ্রুতগতিতে এগিয়েছেন তিন অঙ্কের দিকে। ১১৫ বল খেলে সেঞ্চুরি তুলে নেন, নাজমুলের এই সেঞ্চুরিতে চার ছিল ১৩টি, স্ট্রাইক রেট ৮৬.৯৬।

টেস্ট ক্রিকেটে তার এটি চতুর্থ সেঞ্চুরি। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম ও মমিনুল হকের।

নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একই ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। মমিনুল হক ২০১৮ সালে এই কীর্তি গড়েছেন। সেই জোড়া সেঞ্চুরির একটা ইতিহাসও আছে। মমিনুলের সেই দুর্দান্ত পারফরম্যান্স এসেছিল চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে। উল্লেখের বিষয় হচ্ছে, আজ সেই হাথুরুসিংহেই বাংলাদেশের কোচ!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.