Sylhet Today 24 PRINT

ভিনির সমর্থনের ‘বিশেষ ম্যাচে’ গিনিকে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক |  ১৮ জুন, ২০২৩

আফ্রিকার দেশ গিনির বিপক্ষে ‘বিশেষ ম্যাচে’ বড় জয় পেয়েছে ব্রাজিল।

শনিবার (১৭ জুন) রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়র একটি করে গোল করেন।

‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ এই স্লোগানে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা বর্ণবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদী অবস্থানের জানান দেন।

ম্যাচের অন্য বিশেষত্ব হলো এই ম্যাচের দুই অর্ধে দুইধরনের জার্সি পরে খেলেছে ব্রাজিল দল। প্রথমার্ধে খেলেছে তারা কালো রঙের জার্সি পরে, এবং দ্বিতীয়ার্ধে হলুদ রঙের। জার্সির রঙ এবং বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান জানান দেওয়ার উদ্দেশ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ)।

বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিল সবশেষ মরক্কোর সঙ্গে খেলেছিল প্রীতি ম্যাচ। সেই ম্যাচে হেরেছিল সেলেসাওরা। তবে এবারের সূচি নির্ধারণ হয়েছে মূলত ফুটবল মাঠে ভিনিসিয়াস জুনিয়রের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার প্রতিবাদে। ভিনিসিয়াসের গায়ের রঙ আর চেহারা নিয়ে কটূক্তির কারণে ব্রাজিল ম্যাচ খেলছে এবার আফ্রিকার দুই দেশের বিপক্ষে। গিনির পর রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী ২৩ জুন পর্তুগালের লিসবনে সেনেগালের মুখোমুখি হবে।

শুরুতে চমক জাগানিয়া ফুটবল খেলতে শুরু করে গিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচের ২৭তম মিনিটে ব্রাজিল পেয়ে যায় প্রথম গোল। সতীর্থের ফ্রি কিক কাসেমিরোর বাহুতে লেগে ছুটছিল জালের দিকে। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা জোয়েলিনতন নিখুঁত ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।

ম্যাচের ৩০তম মিনিটে রক্ষণের ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন রদ্রিগো। দুই গোলে এগিয়ে যায় ব্রাজিল।

পাল্টা জবাব দিতে গিনি দেরি করেনি খুব একটা। ৩৬তম মিনিটে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়ে যায় তারা। বাইলাইনের একটু উপর থেকে ইসিয়াগার কাট ব্যাকে মার্কিনিয়োস ও এইরতনের মাঝে থাকা ফরোয়ার্ড গিরাসি অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন।

কালো জার্সি তুলে রেখে দ্বিতীয়ার্ধে চেনা হলুদ জার্সিতে শুরু করে ব্রাজিল। ব্যবধান বাড়ানো গোলের দেখা তারা পেয়ে যায় ৪৭তম মিনিটেই। পাকেতার ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন মিলিতাও।

৮৮তম মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়াস জুনিয়র। বক্সে মালকম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও ভিনির শট আটকাতে পারেননি গিনি গোলরক্ষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.