Sylhet Today 24 PRINT

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ নারী ফুটবল দলের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুন, ২০২৩

বার্লিনে চলমান স্পেশাল অলিম্পিকের সপ্তম দিনের গেমসে এবার ফুটবলেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বৃষ্টিস্নাত দিনটিতে লেভেল থ্রির সেভেনে সাইড ফুটবলে বাংলার মেয়েরা ফাইনালের প্রতিপক্ষ ইসরায়েলকে ২-০ গোলে হারিয়ে এ গৌরব অর্জন করে।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের মাইফেল্ডে ফাইনালের এ ম্যাচের শুরু থেকেই বাংলার মেয়েদের চাপে রাখে শক্ত প্রতিপক্ষ ইসরায়েল। শরীর ও গোলে শট নেওয়ার ভালো সামর্থ্য থাকায় কিছুটা এগিয়ে ছিল ইসরায়েল। তবে তাদের সমস্ত আক্রমণ ঠেকিয়ে দেয় বাংলাদেশের রক্ষণভাগ।

খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে ইসরায়েলের ব্যুহ ভেদ করতে সক্ষম হয় বাংলাদেশ। পেয়ে যায় প্রথম গোল। এক সময় খেলার নিয়ন্ত্রণও নিয়ে নেয় বাংলাদেশ। মনোবলে চিড় ধরে ইসরায়েলের নারী ফুটবল দলের। এ সময় নিখুঁত পাসে আদায় করে নেয় দ্বিতীয় গোলও। শেষ পর্যন্ত দারুণ খেলে ছিনিয়ে নেয় সেই স্বর্ণ।

ফুটবলে বাংলার মেয়েদের জয়ের দিনে অ্যাথলেটিক্সের দীর্ঘ জাম্পে স্বর্ণপদক জেতেন লেভেল বি-এর ফাইনাল প্লাস ও ওয়ান বিশেষ অ্যাথলেট রবিউল হক। এমন অর্জনে খুশি তার কোচ ও সংশ্লিষ্টরা।

আর হ্যান্ডবলের মেয়েদের সেমিফাইনালে সৌদি আরবকে ২৩-৩ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ছেলেদের ভলিবল দলের সাফল্য অব্যাহত রয়েছে। দলটি সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.