স্পোর্টস ডেস্ক | ২৫ জুন, ২০২৩
শুরু থেকেই দারুণ ফুটবল খেলছিল বাংলাদেশ। কিন্তু ধারার বিপরীতে হুট করেই হজম করে গোল। সে ধাক্কা সামলে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
২০ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারাল লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ।
১৭ মিনিটে পিছিয়ে পড়লেও ম্যাচজুড়ে দারুণ পাসিং ফুটবল উপহার দেয়া বাংলাদেশ রাকিব ও তারিক কাজীর পর শেষ মুহূর্তে মোরসালিনের গোলে জিতেছে ৩-১ ব্যবধানে। এ জয়ে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জিতলেই বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও বেড়ে গেল।