Sylhet Today 24 PRINT

ভারত সিরিজের প্রাথমিক দলে জায়গা হয়নি জাহানারা-রুমানার

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুন, ২০২৩

শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে আসন্ন ভারত সিরিজের দলেও উপেক্ষিত থেকে গেলেন রুমানা আহমেদ। সঙ্গে নতুন করে বাদ পড়ার তালিকায় নাম উঠল জাহানারা আলমের।

এই দুই বড় তারকাকে ছাড়াই ভারত সিরিজের জন্য প্রথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে মিরপুরে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। এই সিরিজের জন্য সোমবার ২০ সদস্যের প্রথমিক দল ঘোষণা করা হয়।

বিশ্রাম কাটিয়ে সাবেক অধিনায়ক সালমা খাতুন দলে ফিরলেও নেই রুমানা ও জাহানারা। ৩০ বছর বয়সী পেসার জাহানারা সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন।

এদিকে দলে ফেরাদের তালিকায় রয়েছেন শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার। প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে সুযোগ করে নিয়েছেন এখনও অভিষেক না হওয়া সাথী রানী।

দলে ডাক পাওয়া ক্রিকেটারদের ৩০ জুন ক্যাম্পে রিপোর্ট করতে হবে। ১ জুলাই থেকে শুরু হবে অনুশীলন।

ভারতের মেয়েরা ৬ জুলাই ঢাকায় আসবে। ৯, ১১ ও ১৩ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এরপর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, ডালিয়া আক্তার, সাথী রানী, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি ও ফাহিমা খাতুন।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.