Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে ‘ঈদ মোবারক’ জানাল আর্জেন্টিনা ফুটবল দল

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০২৩

আলাদা করে বাংলাদেশি বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে।

আর্জেন্টাইনদের সঙ্গে বাংলাদেশিদের বন্ধুত্বের শুরু হয়েছে কাতার বিশ্বকাপ থেকে। সেখান থেকেই এখন পর্যন্ত যা অটুট। আর এই সম্পর্কের কারণেই এবার বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল।

লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলদের ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, 'আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদের ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।'

বাংলাদেশ এবং আর্জেন্টিনার মানুষের মধ্যে এমন ভাতৃত্বের বন্ধন গড়ে তুলেছে কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের এমন পাগলামি দেখে আর্জেন্টাইনরাও আবেগপ্রবণ হয়েছেন।

ইতোমধ্যে বেশ কয়েকবার বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন মেসি, এমিলিয়ানো মার্তিনেস, ম্যাক এলিস্টাররা। সামনের জুলাইয়ের ৩ তারিখে তো এমিলিয়ানো মার্তিনেস বাংলাদেশে আসছেনই নিজের ইচ্ছায়। সব মিলিয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার এমন বন্ধন সত্যিই প্রশংসনীয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.