Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুলাই, ২০২৩

হুট করে যখন সংবাদ সম্মেলন ডাকলেন, তখনই গুঞ্জন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত হলোও তাই। বিদায়ই বলে দিলেন ওয়ানডে অধিনায়ক।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে সিরিজের মাঝে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন বাঁ-হাতি এই অভিজ্ঞ ব্যাটার।

অশ্রুসজল চোখে বিদায়ের কথা জানিয়ে তামিম বলেন, 'আফগানিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।' পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

এ সময় জাতীয় দলের সকল কোচ, সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানান দেশসেরা ব্যাটার খ্যাত তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। সর্বোচ্চ ওয়ানডে রান এবং সেঞ্চুরিও তার।

তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ খেলেছেন তিনি।

বেশ কিছুদিন ধরে কোমরের ইনজুরিতে ছিলেন ক্রিকেট পরিবারের সন্তান তামিম ইকবাল। ওই ইনজুরির সঙ্গে অফফর্ম মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছিল তার। বুধবার আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শতভাগ ফিট না হলেও ঝুঁকি নিয়ে খেলেছেন তিনি।

যে কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সমকালকে বিসিবি বস বলেন, ‘এটা কোন পাড়ার ক্রিকেট নয়। এটা অপেশাদারিত্ব।’ এসব কারণেই রাগে তামিম অবসর নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.