স্পোর্টস ডেস্ক | ০৭ জুলাই, ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসরের পর বাকি দুই ম্যাচের জন্যে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে।
বৃহস্পতিবার দুপুরে তামিম ইকবাল অবসর নেওয়ার পর শুক্রবার সকালে এই সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন অধিনায়কের নাম জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে লিটন দাসকে সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব দেওয়ার খবর জানিয়েছে। অর্থাৎ, আফগানিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচে লিটন অধিনায়কত্ব করবেন বাংলাদেশ দলের।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাকি ম্যাচগুলোতে অধিনায়কত্ব করবেন লিটন দাস।’
বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডি/এল নিয়মে ১৭ রানে হারে বাংলাদেশ। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম বিদায় জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’