স্পোর্টস ডেস্ক | ১০ জুলাই, ২০২৩
ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো-লিগে পাড়ি জমানোর পর সেখানে রীতিমত তারার হাট বসেছে। ইউরোপের মাঠ কাঁপানো ফুটবলাররা একে একে পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে।
এবার এক সতীর্থকে সৌদি ক্লাবে নেওয়ার চেষ্টা করছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। রোনালদোর জাতীয় দলের সতীর্থ ওটাভিওকে নিতে চাইছে আল নাসর।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, ওটাভিওকে বিশাল অঙ্কের অর্থপ্রস্তাব দিয়েছে আল নাসর। আল-নাসরকে সাহায্য করছেন রোনালদোও। সৌদি ক্লাবে নিতে জাতীয় দলের সতীর্থকে ফোন করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ওটাভিওকে রাজি করানোর চেষ্টা করছেন রোনালদো।
ওটাভিও এখন খেলছেন পোর্তো। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে তার। ১৫ জুলাই পর্যন্ত পর্তুগিজ এই মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৩ কোটি ১০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৪২৭ কোটি ৮৫ লাখ টাকা। এরপর তা বেড়ে দাঁড়াবে ৪ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা)।
ওটাভিও যদি আল নাসরে খেলতে যান, তাহলে বছরে পাবেন ১ কোটি ২০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১৬৫ কোটি ৬৩ লাখ টাকা)। পোর্তোর চেয়ে তা পাঁচ গুণ বেশি।
পোর্তোকে ২০১৪ থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচ খেলেছেন ওটাভিও। করেছেন ৩১ গোল ও ৭৫ গোলে অ্যাসিস্ট করেছেন।