Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের সকার লিগের ইন্টার মিয়ামিতে যোগ দিলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুলাই, ২০২৩

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইউরোপের পেশাদার ফুটবল লিগ থেকে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।

শনিবার আনুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে ইন্টার মিয়ামি নামের ক্লাবটি।

ইংলিশ সাবেক ফুটবলার ডেভিড বেকহামের মালিকানাধীন সকার ক্লাবটিতে মেসি থাকবেন ২০২৫ সাল পর্যন্ত।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মেসির পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারকে পেতে সৌদি প্রো লিগের ক্লাব আল হেলাল দিয়েছিল লোভনীয় প্রস্তাবও। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত জুনে মেসি জানান, আমেরিকায় পাড়ি জমাতে যাচ্ছেন তিনি।

চুক্তি সম্পন্ন হওয়ার পর মেসি বলেছেন, 'যুক্তরাষ্ট্রে ও ইন্টার মিয়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা দারুণ একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলা চালিয়ে যাব।'

মিয়ামির হয়ে মেসি প্রথমবারের মতো মাঠে নামতে পারেন আগামী ২১ জুলাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.