স্পোর্টস ডেস্ক | ১৬ জুলাই, ২০২৩
বাংলাদেশের টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল সময়টা ছিল ২০২১ সাল। সে বছর টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা। জিম্বাবুয়েকে তাদের মাঠে হারিয়ে এসে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদরা। এবার তাদের সামনে সুযোগ সেই অতীত রেকর্ড ছোঁয়ার।
ঘরের মাঠে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি সাকিব আল হাসানদের সামনে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর আয়ারল্যান্ডকেও হারিয়েছিল তার দল। আজ আফগানিস্তানকে হারাতে পারলে টানা তিন সিরিজ জিতবে লাল সবুজরা।
আজ রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় সাকিবের দল। আগে ব্যাট করতে নেমে ১৫৪ রান করেছিল আফগানিস্তান। রান তাড়ায় তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারির ব্যাটে জয় পায় বাংলাদেশ।
সিলেটে এর আগে শ্রীলঙ্কা ও উইন্ডিজের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কিন্তু কোনোটাতে জয়ের মুখ দেখেনি। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় স্বাগতিকরা। আজ চতুর্থ ম্যাচে হাতছানি দিচ্ছে দ্বিতীয় জয়ের। সঙ্গে সিরিজ জয়েরও।