Sylhet Today 24 PRINT

সিলেটে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুলাই, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। ৭.২ ওভার খেলা শেষে মুষলধারে বৃষ্টি শুরু হলে বন্ধ রাখা হয় খেলা। কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি নামার আগ পর্যন্ত ২ উইকেটে ৩৯ রান তুলেছে আফগানিস্তান। মোহাম্মদ নবি ও ইব্রাহীম জাদরান দুইজনই ব্যাট করছেন ১১ রানে।

এদিন ইনিংসের প্রথম ওভারেই আফগান শিবিরে ধাক্কা দেন তাসকিন আহমেদ। তুলে নেন রহমানউল্লাহ গুরবাজকে। তার বাউন্সারে পুল করতে গেলে ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। নিজেই সেই ক্যাচ লুফে নেন এ পেসার।

এক ওভার পর ফিরে এক্সট্রা বাউন্সারে পরাস্ত করে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও ফেরান তাসকিন। কাট করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ফলে পাওয়ার প্লেতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি সফরকারীরা। ২ উইকেটে তোলে ৩৪ রান।

সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তা শেষে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য ১ বল হাতে রেখে পারি দেয় টাইগাররা। শেষ ওভারে করিম জানাত হ্যাটট্রিক তুলে হারের শঙ্কায় ফেলে দিলেও শেষ রক্ষা করতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.