Sylhet Today 24 PRINT

ম্যান সিটির রিয়াদ মাহারেজও সৌদি প্রো-লিগে

স্পোর্টস ডেস্ক |  ২১ জুলাই, ২০২৩

ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপের ফুটবল ছেড়ে এশিয়ার সৌদি প্রো-লিগে পাড়ি জমানোর পর সেখানে তারার হাট বসেছে। রোনালদোর দেখানো পথ ধরে ইতিমধ্যেই প্রো-লিগে নাম লিখিয়েছেন করিম বেনজেমার মতো ফুটবলার। এবার একই পথ অনুসরণ করলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা রিয়াদ মাহারেজ।

ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি প্রো লিগের দল আল আহলিতে যোগ দিলেন আলজেরিয়া জাতীয় দলের এই উইঙ্গার।

ক’দিন ধরেই মাহরেজের সৌদি ফুটবলে পাড়ি দেওয়ার গুঞ্জন চলছিল। সেটিই সত্যি প্রমাণ হলো এবার।

অবশ্য আল আহলি এখনও মাহরেজের সঙ্গে চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সৌদি সরকার পরিচালিত টিভি চ্যানেল আল এখবারিয়া শুক্রবার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে।

পাঁচ বছর সিটির হয়ে মাঠ মাতিয়েছেন মাহরেজ। এই সময়ে ৪টি প্রিমিয়ার লিগের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন একবার।

মাহরেজ ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন লেস্টার সিটির হয়েও। সেখানে নজর কাড়া পারফরম্যান্সের পর ২০১৮ সালে সিটিতে যোগ দিয়েছিলেন ৩২ বছর বয়সী তারকা।

গত বছর দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু সেই মেয়াদের আগেই ইতিহাদ স্টেডিয়ামের দলটির সঙ্গে পথচলা থমকে গেল তার।

সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ২৩৬ ম্যাচে ৭৮ গোল করেছেন মাহরেজ, অ্যাসিস্ট ৫৯টি।

গত বছরের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গ্রীষ্মে এরই মধ্যে করিম বেনজেমা, মার্সেলো ব্রোজোভিচ, এনগোলো কন্তে, রবের্তো ফিরমিনোর মতো তারকা সৌদি লিগে ঠিকানা খুঁজে নিয়েছেন। সেই তালিকায় এবার যোগ হলো মাহরেজের নাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.