Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুলাই, ২০২৩

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। আজ এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে এই ড্র অনুষ্ঠিত হয়। আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে রাউন্ড-১-এর ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে রাউন্ড-২-এ পৌঁছে যাবে হাভিয়ের কাবরেরার দল।

এশিয়া থেকে আসছে বিশ্বকাপে আটটি দল বাছাই থেকে সরাসরি এবং একটি দল প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। সব মিলিয়ে এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। মালদ্বীপ ফিফা র‍্যাংকিংয়ের ১৫৫তম স্থানে আছে। আর বাংলাদেশের অবস্থান ১৮৯।

তবে সব শেষে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি আছে জামাল ভুঁইয়াদের। তাই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। ১২ অক্টোবর প্রথম লেগ হবে মালদ্বীপের মাঠে, এরপর ১৭ অক্টোবর ফিরতি লেগ হবে বাংলাদেশে। এশিয়ার ৪৬টি দেশ বাছাইয়ে অংশ নিচ্ছে।

২০ জুলাই সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার সর্বনিম্ন ২০টি দল রাউন্ড-১-এ অংশগ্রহণ করছে। এই দশ ম্যাচের জয়ী দল বাকি ২৬ দলের সঙ্গে রাউন্ড-২-এ যোগ দেবে। ৩৬ দল নিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ৯ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ হবে। তৃতীয় পর্বের ১৮ দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে।

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ার অবশিষ্ট দুই সরাসরি কোটা চতুর্থ রাউন্ডে নিষ্পত্তি হবে এবং আরেকটি কোটার জন্য আন্ত মহাদেশীয় প্লে অফ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.