Sylhet Today 24 PRINT

প্রাক মৌসুম প্রস্তুতিতে ছন্নছাড়া বার্সেলোনা, ৫ গোল দিল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুলাই, ২০২৩

ছবি: সংগৃহীত

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হার মেনেছে বার্সেলোনা। তাদের ৫-৩ গোলে হারিয়েছে আর্সেনাল।

বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামের ম্যাচের ৭ মিনিটেই রবার্ত লেভানডোফস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি গার্নার্সরা। ১৩ মিনিটের মাথায় বুকায়ো সাকার গোলে সমতা ফেরায় আর্সেনাল।

৩৪ মিনিটে রাফিনহার গোলে আবার এগিয়ে যায় বার্সা। এই গোলের ৯ মিনিটের মাথায় (৪৩ মি.) কাই হাভার্টজের গোলে আবার ফেরে সমতা। তাতে ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতির পর লিয়েন্দ্রো ট্রসার্ড ৫৫ মিনিটে গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। ৭৮ মিনিটে তিনি জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয়ে যায় ৪-২। ৮৮ মিনিটে বার্সার ফেরান তোরেস গোল করলে ব্যবধান কমে হয় ৪-৩। কিন্তু শেষ মুহূর্তে আর্সেনালের ফাবিও ভিয়েইরা গোল করে ৫-৩ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

মৌসুম পূর্ব পরবর্তী প্রীতি ম্যাচে আগামী বুধবার (২ আগস্ট) এএস মোনাকোর মুখোমুখি হবে আর্সেনাল। অন্যদিকে রোববার (৩০ জুলাই) এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.