Sylhet Today 24 PRINT

যে কারণে নিষিদ্ধ জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুলাই, ২০২৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জুভেন্টাস। সুযোগ ছিল কেবল উয়েফা কনফারেন্স কাপে খেলার, কিন্ত সেটাও হচ্ছে না।

আর্থিক লেনদেনে ফিন্যাসিন্সয়াল ফেয়ার প্লের (এফএফপি) আইন ভাঙায় তুরিনের দলটিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে উয়েফা।

শুক্রবার এই শাস্তির ঘোষণা দেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা।

এমনিতেই ভালো যাচ্ছে না জুভেন্টাসের, তার ওপর উয়েফার এমন নিষেধাজ্ঞা।

জুভেন্টাসের বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের মধ্যে লেনদেনে এফএফপি’র নিয়ম ভাঙার প্রমাণ মিলেছে। পুরোনো ওই অপরাধের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় এক বছর নিষিদ্ধ থাকবে দলটি। একই সঙ্গে ক্লাবটিকে ১ কোটি ৭১ লাখ পাউন্ডের মতো জরিমানাও করা হয়েছে।

দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় গত মৌসুমে লিগে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয় জুভেন্টাসের। আর এ কারণেই ইতালিয়ান লিগ সিরি আর শীর্ষ চার থেকে নেমে যেতে হয় সাত নম্বরে।

জুভেন্টাসের মতো চেলসির বিপক্ষে একই সময়কালে চলা তদন্তেও অনিয়মের প্রমাণ মেলেছে। তাই ইংলিশ ক্লাবটিকেও শাস্তি দেওয়া হয়েছে। ৮৫ লাখ ৭০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.