Sylhet Today 24 PRINT

ওয়ানডে অধিনায়কত্ব করবেন না তামিম, খেলবেন না এশিয়া কাপেও

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২৩

ওয়ানডে অধিনায়কত্ব করবেন না তামিম ইকবাল। খেলছেন না এশিয়া কাপে। বৃহস্পতিবার নাজমুল হাসান পাপন ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন টাইগার ওপেনার তামিম। ইনজুরি কাটিয়ে না ওঠায় খেলবেন না এশিয়া কাপেও।

অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, 'দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।'

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন না তামিম। এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী।

এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

চোটের কারণে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিমকে পাওয়া যাবে।

 বৃহস্পতিবার রাত ৮ টার পর বিসিবি সভাপতির বাসায় বৈঠকে বসেন তামিম ইকবাল। বৈঠক শেষে বিসিবি সভাপতি এবং জালাল ইউনুসকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম।

তামিমের সিদ্ধান্ত জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘তাকে বলা হয়েছে দুই সপ্তাহ কমপ্লিট রেস্ট। কালকে পর্যন্ত এক সপ্তাহ। এরপর আরও এক সপ্তাহ আছে। এখানে ছোটখাট রিহ্যাব করতে বলা হয়েছে। ছোট খাট কিছু অনুশীলন এরকম। এখানের পর আরও দুই সপ্তাহ তাকে প্রপার নেটে অনুশীলন করার মতো ফিট হতে লাগবে। ওই সময়ে তো আমাদের দল এশিয়া কাপে চলে যাবে। তাই বিসিবি প্রধান থেকে শুরু করে চিকিৎসক সবাই একমত হয়েছে যে তামিমকে এশিয়া কাপে খেলানো সম্ভব হচ্ছে না। তামিম যেহেতু এশিয়া কাপে থাকছে না তামিম তাই অধিনায়কও থাকছে না।’

জালাল আরও জানান, ‘আমি আশা করি নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ফিট হয়ে উঠবে। এবং বিশ্বকাপেও তাকে খেলানোর জন্য তাকে সবধরনের সহযোগীতা করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.