Sylhet Today 24 PRINT

রোনালদোর গোলে অভিষেক বিস্বাদ হলো না সাদিও মানের

স্পোর্টস ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২৩

ছবি: সংগৃহীত

ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের লিগে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচে হারেননি সাদিও মানে। ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে আল নাসর। অভিষেকটাই তাই বিস্বাদ হয়নি ইউরোপের মাঠ মাতিয়ে আসা এ সেনেগালের ফুটবলারের। 

ক্রিশ্চিয়ানো রোনালদো আরব চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনালে তুললেন দলকে। মানের অভিষেকটাও রাঙিয়ে দিলেন তিনি।

টুর্নামেন্টের শুরুতে আল শাবাবের বিপক্ষে গোল শূন্য ড্র করে আল নাসর। তবে পরের ম্যাচে ইউনিয়ন মোনাস্তিরিনকে ৪-১ গোলে উড়িয়ে দেয় তারা। রোনালদোও গোল পেয়েছিলেন।

সেই জয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফিরে আল নাসর। তবে শেষ ম্যাচে পয়েন্ট অর্জনের বিকল্প ছিল না তাদের কাছে। সেটাই তারা করেছে। জামালিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে উঠেছে তারা।

অথচ এই ম্যাচেও জেগেছিল হারের শঙ্কা। কারণ ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জামালিকার ফুটবলার জিজো। তার সেই গোলে জয়ের স্বপ্ন বুনতে শুরু করে দলটি। ৮৬ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে তারা।

তবে শেষ মুহূর্তে তাদের স্বপ্ন ভেঙে দেন সিআরসেভেন। ৮৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। তাতে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

আগামী ৬ আগস্ট কোয়ার্টার ফাইনালে রাজা সিএর মুখোমুখি হবে আল নাসর। গ্রুপ সিএর চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে আল শাবাব। একইদিনে তারা মুখোমুখি হবে আল ওয়াহদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.