Sylhet Today 24 PRINT

হ্যাটট্রিক দিয়ে অভিষেক রাঙালেন রবার্তো ফিরমিনো

সৌদি প্রো-লিগ

স্পোর্টস ডেস্ক |  ১২ আগস্ট, ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল ছেড়ে সৌদি প্রো-লিগের ক্লাব আল আহলিতে যোগ দেওয়া রবার্তো ফিরমিনো অভিষেকেই জেদ্দা কাঁপালেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে জয় পেয়েছে আল আহলি।

শুক্রবার (১১ আগস্ট) রাতে প্রো লিগের প্রথম ম্যাচে জেদ্দার প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল হাজমের বিপক্ষে আল আহলির জয় ৩-১ গোলে।

এই ম্যাচ দিয়েই নতুন যুগের সূচনা হলো সৌদি ফুটবলে। গত মৌসুমের মাঝামাঝিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমনে বিশ্ব ফুটবলের আকর্ষণের কেন্দ্রে আসে সৌদি লিগ। কিন্তু এবার বিশ্ব ফুটবলের শীর্ষ সারির তারকাদের নিয়েই শুরু হলো লিগটি। যেখানে প্রথম ম্যাচেই মাঠে দেখা গেছে ইউরোপের ফুটবল মাতানো রবার্তো ফিরমিনো-রিয়াদ মাহরেজদের মতো তারকাদের। মিডফিল্ডে সাবেক বার্সেলোনা তারকা ফ্রাঙ্ক কেসি। আর গোলবারের নিচে ছিলেন সাবেক চেলসি তারকা এদুয়া মেন্দি।

তারকাবহুল আল আহলি এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে। অভিষেকে এদিন ফিরমিনোর গোলমুখ খুলতে লেগেছে মাত্র ৬ মিনিট। সতীর্থ আল মাজরাশির ক্রসে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন লিভারপুল কিংবদন্তি। এ সময় ফিরমিনোর সঙ্গে তার এক চোখে হাত দিয়ে ট্রেডমার্ক উদ্‌যাপনে মাতেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা মাহরেজও।

এরপর এই ব্যবধান ২-০ করতে ফিরমিনোর লেগেছে মাত্র ৪ মিনিট। ১০ মিনিটের মাথায় দেখা যায় ফিরমিনো-মাহরেজের যুগলবন্দী। এবার মাহরেজের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে আরও এগিয়ে দেন ফিরমিনো। এই দুই গোল নিয়েই বিরতিতে যায় আল আহলি।

বিরতির পর ৫০ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার বার্তা দেয় আল হাজম। গোল করেন আল হাজম তারকা বারবোসো ডি সুজা।

তবে ৭২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে আল আহলিকে বিপদমুক্ত করেন ফিরমিনো। ব্রাজিলিয়ান তারকার হেড প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দেন, কিন্তু ফিরতি শটে ঠিকই বল জালে জড়ান ফিরমিনো। তার এই গোলে আল আহলি লিড নেয় ৩-১ গোলে।

সৌদি প্রো-লিগে যোগ দেওয়ার আগে প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় কাটিয়েছেন ফিরমিনো। মোহাম্মদ সালাহ ও সাদিও মানের সঙ্গে আক্রমণের দুর্দান্ত এক ত্রয়ী গড়েছিলেন ফিরমিনো। ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারলেও ২০১৯ সালে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলতে ফিরমিনোর ভূমিকা ছিল অসাধারণ। একই সঙ্গে ২০২০ সালে ৩০ বছর পর লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়েও বড় ভূমিকা তার। ২০২২ সালে এক পয়েন্টের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি লিভারপুল।

৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ২০১৫ সালে হফেনহেইম থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন। লাল জার্সিতে খেলেছেন ৩৬২ ম্যাচ, গোল ১১১টি। এবার সৌদি আরবের লিগ শুরু করলেন হ্যাটট্রিক দিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.