Sylhet Today 24 PRINT

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুবাদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৬

স্পিনারদের অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইয়ুথ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়টি ৮ উইকেটের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক এই সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে ১১৪ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৭৭ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফুদ্দিন। ডানহাতি এই পেসার টেভিন ইমল্যাচকে ফেরানোর পর উইকেট-উৎসবে মাতেন বাংলাদেশের স্পিনাররা।

৯.২ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনিই।

দুই অফস্পিনার সঞ্জিত সাহা ও সাইদ সরকার নেন দুটি করে উইকেট।

১৪ রানে শেষ ছয় উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন গিডরন পোপ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে এমানুয়েল স্টুয়ার্টের ব্যাট থেকে।

লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানে পিনাক ঘোষ (৩) আর ৪৬ রানে জয়রাজ শেখকে (১৮) হারায় বাংলাদেশ। তবে সাইফ হাসান আর নাজমুল হাসান শান্তর ভালো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

৫টি চার ও একটি ছয়ে ৬৮ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন সাইফ। আর ৩৬ বলে অপরাজিত ৪১ রান করার পথে নাজমুল হাসান ৬টি চার ও একটি ছয় মারেন।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার। তৃতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে হবে আগামী শনিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.