Sylhet Today 24 PRINT

রিয়াল মাদ্রিদের জয়ে বেলিংহামের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক |  ২০ আগস্ট, ২০২৩

ছবি: রয়টার্স

স্প্যানিশ লা লিগার প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার (১৯ আগস্ট) রাতে আলমেরিয়ার বিপক্ষে রিয়ালের জয় ৩-১ গোলে।

ম্যাচের শুরুতেই আলমেরিয়ার সার্জিও আরিবাসের গোলে পিছিয়ে পড়েও জুড বেলিংহাম আর ভিনিসিয়াস জুনিয়রের গোলে ম্যাচ জেতে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই রিয়ালকে ভয় ধরিয়ে দিয়েছিল আলমেরিয়া। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। গোল করেন রিয়াল মাদ্রিদ থেকে আলমেরিয়ায় যাওয়া সার্জিও আরিবা।

সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি রিয়াল। ম্যাচের ১৯তম মিনিটে দানি কারভাহালের ক্রসে ফেদে ভালভার্দের হেড ব্যর্থ হয়। ডি-বক্সে বল পান বেলিংহাম। বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বাকি কাজ সারেন এই তরুণ।

এরপরও দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণের পসরা সাজিয়ে বসে। কিন্তু প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউ। রিয়াল আবার এগিয়ে যায় ম্যাচের ৬০তম মিনিটে। ক্রুসের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন বেলিংহাম। এ নিয়ে দুই ম্যাচে তার গোল হলো তিনটি।

ম্যাচের ৭৩ মিনিটে আরো একটি গোল আদায় করে নেয় ‘লস ব্লাঙ্কোস’রা। এবার দৃশ্যপটে ভিনিসিয়াস। বেলিংহামের কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে এটাই তার প্রথম গোল।

এই জয়ে লা লিগায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছে রিয়াল মাদ্রিদ। রাতের অন্য ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেল্টা ভিগো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.