Sylhet Today 24 PRINT

হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর জানা গেল তিনি বেঁচে আছেন

স্পোর্টস ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২৩

জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক মারা গেছেন বলে যে খবর ছড়িয়েছে তা ঠিক নয়। তিনি বেঁচে আছেন।

এই ক্রিকেটারের এক হোয়াটসঅ্যাপ বার্তার বরাতে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে এ তথ্য জানিয়েছে।

জিম্বাবুয়ে থেকে হিথ স্ট্রিক তার লেখককে বলেছেন, ‘এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা। আমি বেঁচে আছি এবং ভালো আছি।

‘আমি এটা জেনে খুব বিরক্ত হয়েছি যে, দৃশ্যত বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যাচাই না করে খবর ছড়িয়ে দেয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এ তথ্য ছড়িয়ে দেয়া সূত্রের ক্ষমা চাওয়া উচিত। আমি এই খবরে আঘাত পেয়েছি।’

এর আগে এদিন সকালেই হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদেন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার তিনি প্রাণ হারান বলে জানানো হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বন্ধু ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, কোলন ও লিভার ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিকের চিকিৎসা চলছিল দক্ষিণ আফ্রিকায়। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

জিম্বাবুয়ের সাবেক পেসার ও হিথ স্ট্রিকের দীর্ঘদিনের সতীর্থ হেনরি ওলঙ্গা এবং দলটির বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (একসময়ের টু্ইটার) হিথ স্ট্রিকের মৃত্যুতে শোকও প্রকাশ করেন। তবে এ বিষয়ে স্ট্রিকের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।

জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন হিথ স্ট্রিক। টেস্ট ও ওয়ানডেতে তিনি এখনও জিম্বাবুয়ের সর্বকালের সেরা উইকেট শিকারি।

সাবেক এ ডানহাতি পেসার টেস্টে ২১৬ এবং ওয়ানডেতে ২৩৯টি উইকেট শিকার করেন। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটে ১০০ উইকেট নেন হিথ স্ট্রিক।

এ অলরাউন্ডার টেস্টে ১ হাজার ৯৯০ রান করেন, যার মধ্যে সর্বোচ্চ ছিল অপরাজিত ১২৭। ওয়ানডেতে ২৮ দশমিক ২৯ গড়ে ২ হাজার ৯৪৩ রান করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.