স্পোর্টস ডেস্ক | ২৬ আগস্ট, ২০২৩
ইতিহাসে প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতে মৌসুম শুরু করলেও লিগের শুরুটা ভালো হয়নি আল নাসরের। সৌদি প্রো লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ওই দুই ম্যাচের একটিতে খেললেও গোল পাননি রোনালদো।
প্রথম দুই ম্যাচের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে আল নাসর ফিরল জয়ে, রোনালদো করলেন গোল; একে একে তিন গোল, হ্যাটট্রিক।
ইউরোপের ফুটবল ছেড়ে এশিয়ায় আসার পর এটা রোনালদোর প্রথম হ্যাটট্রিক। পেশাদার ফুটবল-জীবনে ৬৩তম।
প্রো-লিগে আল নাসর প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন থাকলেও আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। তবে শুক্রবার (২৫ আগস্ট) রাতে রোনালদো-সাদিও মানেদের কাছে পাত্তা পায়নি আল ফাতেহ।
আল নাসর ম্যাচ জিতেছে বড় ব্যবধানে; ৫-০। রোনালদোর হ্যাটট্রিকের পাশাপাশি সাদিও মানে করেছেন জোড়া গোল।
ম্যাচের ৩৮, ৫৫ ও ৯৬তম মিনিটে গোল করেন রোনালদো। এছাড়া সাদিও মানে ২৭ ও ৮১ মিনিটে গোল করেন। হ্যাটট্রিকের পাশাপাশি রোনালদো সাদিও মানের একটি গোলে করেছেন অ্যাসিস্টও।
গত ১৪ আগস্ট আল-ইত্তিফাকের বিপক্ষে ২-১ গোলের পরাজয় দিয়ে নতুন মৌসুমের লিগ শুরু করে আল-নাসর। ম্যাচটিতে দলে ছিলেন না বড় তারকা রোনালদো। তবে ১৮ আগস্ট পরের ম্যাচে মাঠে নামেন সিআরসেভেন। কিন্তু আল-তাউনের বিপক্ষে সেই ম্যাচটিতেও ২-০ গোলের হার দেখতে হয়েছে নাসরকে।
৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।