স্পোর্টস ডেস্ক | ২৬ আগস্ট, ২০২৩
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় রয়েছে রিয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
শুক্রবার রাতে সেল্তা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৮১তম মিনিটে জুড বেলিংহাম তার গোলটি করেন হেডে, জোসেলুর ফ্লিক থেকে। লা লিগায় তিন ম্যাচে তার গোল হলো ৪টি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো স্বাগতিক সেল্তা। তৃতীয় মিনিটেই রিয়ালের জালে বল পাঠায় তারা। কিন্তু রেফারি ভিএআরের মধ্যমে পুনরায় দেখে ফাউলের বাঁশি বাজান। বাতিল হয় গোল।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় রিয়াল। রদ্রিগোর নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন সেল্তার গোলরক্ষক ইভান ভিল্লার।
রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এ ম্যাচে ১৮তম মিনিটেই মাঠ ছেড়ে যান। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন তিনি।
তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে টেবিলের শীর্ষে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার অবস্থান ষষ্ঠ।