স্পোর্টস ডেস্ক | ৩০ আগস্ট, ২০২৩
লিটন দাস ও আনামুল বিজয়। ছবি: সংগৃহীত
জ্বরের কারণে এশিয়া কাপ খেলতে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন দাস। এবার জানা গেল পুরো টুর্নামেন্টই মিস করছেন তিনি।
বুধবার বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভাইরাল জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন দাসে। তার বদলি হিসেবে আনামুল হক বিজয় দলে ডাকা হয়েছে। আজ দলের সঙ্গে যোগ দেবেন আনামুল।
৪৪ ওয়ানডে ম্যাচ খেলা আনামুল হক বিজয় ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি বিজয়ের। তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করায় বাদ পড়েন বিজয়।
এরপর ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯.৫৭, স্ট্রাইক রেট ৯৭.৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে বিজয়ের ব্যাট থেকে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও এনামুলের প্রিমিয়ার লিগ ফর্মকে গুরুত্ব দেওয়ার কথা বললেন, ‘সে (আনামুল হক বিজয়) ঘরোয়ায় রান করেছে এবং বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন টপ অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল, যে কিপিংও করতে পারে; বিজয়কে তাই সুযোগ দেওয়া হয়েছে।’
বাংলাদেশ দল আজ শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাকিবদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে হবে সে ম্যাচ।