Sylhet Today 24 PRINT

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত

স্পোর্টস ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২৩

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে পুরো আসরই মাঠের বাইরে কাটাবেন তিনি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, ব্যাটিংয়ের সময় শান্ত হ্যামস্ট্রিং ব্যাথা অনুভব করেছিলেন এবং ফিল্ডিং করতে পারেননি। তার পেশি ছিঁড়ে যাওয়া নিশ্চিত করতে আমাদের একটি এমআরআই স্ক্যান করেছিলাম। শান্ত এই টুর্নামেন্টে আর অংশ নেবে না এবং পুনর্বাসন শুরু করতে ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবে।

বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরতার প্রতীক শান্ত। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তবে এর মধ্যেই আপাতত থামতে হচ্ছে এই রানমেশিনকে।

গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.