Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না তামিম

স্পোর্টস ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৩

গুঞ্জন ও নানা সূত্রের খবরে বিষয়টা অনেকটা এভাবে প্রচার হয়েছিল, আনফিট তামিম ইকবালকে বিশ্বকাপে চান না অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে। অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা দেশসেরা ওপেনারকে ছাড়াই টাইগার স্কোয়াড গড়া হয়েছে।

একটু আগে জানা গেছে, পুরোপুরি ফিট না হওয়ায় তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান।

এর আগে তামিম নির্বাচকদের বলেছিলেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন। সে কারণে নির্দিষ্ট করে ৫টি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন তামিম। বিষয়টি জানার পর থেকে আপত্তি তোলেন সাকিব। তিনি বলেছেন, আনফিট কিংবা হাফ-ফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না।

এরপর বিষয়টি নিয়ে গতকাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও হাথুরু। সেখানকার আলোচনায় কি সিদ্ধান্ত হয়েছে সেটি প্রকাশ্যে আসেনি, তবে সাকিবের মতোই কোচও আনফিট তামিমকে চান না বলে জানা যায়। এরপর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আলোচনা করেন পাপন।

জানা গেছে, কিছু সময় পরই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ও জার্সি উন্মোচন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.