Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ জয় নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতে সাকিবের নাম

স্পোর্টস ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২৩

আর কয়েক ঘন্টা পরেই শুরু ব্যাট-বলের লড়াই। একদিনের ক্রিকেটের বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে আজ। টুর্নামেন্ট শুরুর আগেই অনেকেই জানিয়েছেন তাদের চোখে সম্ভাবনাময় দলের কথা। ব্যক্ত করেছেন নিজেদের প্রত্যাশার কথা। ফেবারিট কে, ডার্কহর্স কে, এসব নিয়ে আলোচনা চলছে নিয়মিত।

তবে এসবের মাঝেই আচমকা এই চমক জাগানিয়া তথ্য নিয়ে হাজির ভারতের জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। বিশ্বকাপ কে জিতবে তা নিয়ে এখনই তথ্য দিয়ে ফেলেছেন তিনি। আর তার গণনা অনুযায়ী এবারের বিশ্বকাপ জিতবেন ১৯৮৭ সালে জন্ম নেওয়া কোন অধিনায়ক।

যার সুবাদে কিছুটা হলেও খুশি হতেই পারে বাংলাদেশ। টাইগার দলপতি সাকিব আল হাসানের জন্মও যে ১৯৮৭ সালেই। তবে, এখানেও বাধা আছে। সাকিবের মতই ১৯৮৭ সালে জন্মেছেন ভারতের রোহিত শর্মা। লোবোর গণনা তাই ভারতকেও দেখাচ্ছে শিরোপার আশা।

বিশ্বকাপের মত বড় আসরে ভবিষ্যদ্বাণী করার প্রথা নতুন কিছু না। ফুটবল বিশ্বকাপের অক্টোপাস পল তো রীতিমত কিংবদন্তি বনে গিয়েছিল ২০১০ সালে। এরপর উট, ডলফিন, টিয়াপাখিসহ অনেকেই হাজির হয়েছে। তবে কেউই শতভাগ নির্ভুল কিছু দেখাতে পারেনি। তবে গ্রিনস্টোন লোবো হয়ত সেই তালিকায় যুক্ত হতেই পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.