Sylhet Today 24 PRINT

বাংলাদেশ চায় জিততে, ইংল্যান্ড চায় জয়ে ফিরতে

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২৩

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়ে মানসিকভাবে স্বস্তিতে আছে বাংলাদেশ দল। এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আছে বিশ্বকাপে দুই-দুইটা জয়ের সুখস্মৃতি।

অপরদিকে, প্রথম ম্যাচে রানার্সআপ নিউ জিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। পরাজিত হয়েছিল ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেছেন, ‘আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলব। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যে পরিকল্পনায় ম্যাচ জিতেছি, সেভাবেই খেলতে চাই আমরা।’

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও, একই ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২৪ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। ১৯টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপে দু’দলের জয়-হারের রেকর্ড সমান ২-২।

২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-ইংল্যান্ড। ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারাতে ঘাম ঝরাতে হয়েছিল ইংল্যান্ডকে। এরপর ২০১১ এবং ২০১৫ আসরের মোকাবেলায় ইংল্যান্ডকে যথাক্রমে ২ উইকেট এবং ১৫ রানে হারিয়েছিল টাইগাররা।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর নিজেদের ক্রিকেট কাঠামোতে পরিবর্তন আনে ইংল্যান্ড। এরপর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলার পুরস্কার পেয়েছিল ইংলিশরা।

শিরোপা জয় করা ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। ঐ ম্যাচে সেঞ্চুরি করেও বাংলাদেশের হার এড়াতে পারেননি বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

২০১৫ বিশ্বকাপের পর থেকে উইকেট ও কন্ডিশনকে বিবেচনা না করে আগ্রাসী ক্রিকেট খেলার লক্ষ্য নির্ধারণ করে ইংল্যান্ড। আগ্রাসী আগ্রাসী ব্র্যান্ড কোন কোন সময় হিতে-বিপরীত হলেও তা থেকে সরে আসেনি ইংলিশরা।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘মাত্র একটি করে ম্যাচ খেলেছে দু’দল। এজন্য দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি আগের ম্যাচের চেয়ে ভালো খেলতে পারব এবং আমরা আগামীকাল (আজ মঙ্গলবার) ভালো পারফমেন্স করার জন্য মুখিয়ে আছি।’

উইকেট মন্থর থাকায় এবং স্পিনের বিপক্ষে ইংল্যান্ডের দুর্বলতা থাকায় অগের ম্যাচে জয় পাওয়া একাদশে পরিবর্তন এনে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ অথবা শেখ মাহেদী হাসানকে খেলাতে পারে বাংলাদেশ। সেটা হলে একাদশ থেকে বাদ পড়তে পারেন ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেয়া মাহমুদুল্লাহ রিয়াদ।

ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রথমটির মত দ্বিতীয় ম্যাচও মিস করতে যাচ্ছেন অলরাউন্ডার বেন স্টোকস। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার জন্য পূর্ণ বিশ্রাম প্রয়োজন স্টোকসের।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.