Sylhet Today 24 PRINT

বেয়ারস্টোকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙলেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২৩

কিছুতেই কিছু হচ্ছিল না। ইংলিশ দুই ওপেনার ডেভিড মালান আর জনি বেয়ারস্টো চড়াও হয়ে খেলছিলেন। ৯৩ বলেই তারা শতরানের জুটিও গড়ে ফেলেন। ফিফটি করেন দুজনই।

অবশেষে ইনিংসের ১৮তম ওভারে এই জুটিটি ভাঙলেন সাকিব আল হাসান। ৫৯ বলে ৮ বাউন্ডারিতে ৫২ রান করা বেয়ারস্টোকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন টাইগার অধিনায়ক। ১১৫ রানে ভেঙেছে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ১ উইকেটে ১২৩ রান। মালান ৬৫ আর জো রুট ৪ রানে অপরাজিত আছেন।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

কোনো চমক নয়। দুই প্রান্ত দিয়ে পেস দিয়েই আক্রমণ শুরু করেন সাকিব। মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ প্রথম ৪ ওভারে দেন ১৫ রান।

তবে পঞ্চম ওভার এসে হাত খুলেন ডেভিড মালান। টানা দুই বলে মোস্তাফিজকে চার আর ছক্কা হাঁকিয়ে রান বাড়িয়ে নেন এই ওপেনার।

মোস্তাফিজকে তার পরের ওভারে ফের টানা দুই বলে ছক্কা আর চার হাঁকান মালান। তার সঙ্গে তাল মেলাতে চেষ্টা করেন আরেক ওপেনার জনি বেয়ারস্টোও। ফলে ৪৯ বলেই জুটিতে ফিফটি পূরণ করে ফেলেন তারা। ১০০ ছুঁতে লাগে ৯৩ বল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.