Sylhet Today 24 PRINT

হঠাৎ ধসে ভারতের বিপক্ষে পাকিস্তানের মাত্র ১৯১ রান

স্পোর্টস ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২৩

পাকিস্তানের স্কোরকার্ড দেখে বুঝার উপায় নেই ২৯তম ওভার পর্যন্ত কেমন খেলছিল তারা। কিন্তু ১৫৫ রান পর্যন্ত ছিল দুই উইকেট, এরপর শুরু ধসের।

অধিনায়ক বাবর আজম আউট হওয়ার আগে ২৯.৩ ওভারে ২ উইকেটে ১৫৫ রান ছিল তাদের, সেখান থেকে ৩৬ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারেই অলআউট হয়ে গেছে পাকিস্তান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের বিপক্ষে শুরুটা বেশ ভালো করেন দুই ওপেনার ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিক। প্রথম ৭ ওভারে আসে ৭টি বাউন্ডারি। এরপরই সিরাজের ক্রস সিমের ডেলিভারিতে পরাস্ত আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শফিক। ৪১ রানের ওপেনিং জুটি থামে অষ্টম ওভারের শেষ বলে।

হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে থামেন ৩৮ বলে ৩৬ রান করা ইমাম।

বাবর ও মোহাম্মদ রিজওয়ানের জুটি ভারতকে হতাশ করে এগুতে থাকে। স্পিনারদের বিপক্ষে সতর্ক বাবর সুযোগ কাজে লাগান পান্ডিয়া, শার্দুল ঠাকুর ও সিরাজের বিপক্ষে, তার ৭টি চারের ৬টিই আসে এ তিন পেসারের বিপক্ষে। সপ্তম চারটি মারেন কূলদীপকে, সেটিতেই ভারতের বিপক্ষে সপ্তম ইনিংসে এসে প্রথম ফিফটি পান।

সিরাজের ক্রস সিমের লেংথ বলে বোল্ড হন বাবর আজম। করেন ঠিক ৫০ রান।

এরপর এক ওভারে দুই উইকেট নেন কুলদীপ। এলবিডব্লিউ সৌদ শাকিল, আর সে ওভারেই লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে সুইপ করতে গিয়ে স্টাম্পে বল ডেকে আনেন ইফতিখার আহমেদ।

পরের ওভারে বুমরার ভেতরের দিকে ঢোকা বলটা রিজওয়ানের ব্যাট ও প্যাডের বড় গ্যাপ দিয়ে ঢুকে স্টাম্প ভেঙে দেয়। এরপর শাদাবের জন্য বুমরার সিম-আপ ডেলিভারি ছিল বেশিই কঠিন।

এরপর জাদেজাও পেয়েছেন উইকেটের দেখা। এ বাঁহাতি স্পিনারের বলেই হারিস রউফ এলবিডব্লিউ হলে শেষ হয় পাকিস্তানের ইনিংস। এ উইকেটও ভারত পায় রিভিউ নিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.