Sylhet Today 24 PRINT

ফের জোড়া গোল রোনালদোর, বড় জয় পর্তুগালের

স্পোর্টস ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০২৩

টানা দুই ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোল আর ব্রুনো ফের্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় পেয়েছে পর্তুগাল।

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সোমবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৫-০ গোলে জিতেছে পর্তুগাল। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে।

আগেই ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত করা পর্তুগাল বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩২টি, বিপরীতে হজম করেছে স্রেফ ২টি, সেই দুটি গত ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে।

বসনিয়ার বিপক্ষে পর্তুগালের গোল উৎসবের শুরু ম্যাচের পঞ্চম মিনিটে। রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। বক্সে বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

ম্যাচের দ্বিতীয় গোলটিও রোনালদোর। ২০তম মিনিটে ফেলিক্সের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তিনি। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে বদলায় সিদ্ধান্ত।

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোল হলো ১২৭টি। চলতি বাছাইয়ে ৭ ম্যাচে তার গোল এখন ৯টি। এই বছরে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোল এখন শুধুই রোনালদোর (৪০)। আর্লিং হলান্ড (৩৯) দুইয়ে, কিলিয়ান এমবাপে (৩৫) তিনে আছেন।

২৫তম মিনিটে গোলে ব্যবধান বাড়ান ফের্নান্দেস। সতীর্থের ক্রস বক্সের বাইরে বুক দিয়ে নামিয়ে ভেতরে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার।

৩২তম মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন কানসেলো। ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ফের্নান্দেসের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে বলে পা ছোঁয়াতেই পারেননি রোনালদো। বক্সের মাথা থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা ডিফেন্ডার কানসেলো।

৪১তম মিনিটে সতীর্থের পাস বক্সের ভেতর পেয়ে স্কোরলাইন ৫-০ করেন ফেলিক্স। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে মেলে গোল।

আট ম্যাচে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারানো স্লোভাকিয়া ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বের টিকেট পাওয়ার লড়াইয়ে তারা এগিয়ে গেছে অনেকটা। তিন নম্বরে লুক্সেমবার্গের পয়েন্ট ১১। লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারানো আইসল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে চারে আছে। এরপর বসনিয়ার পয়েন্ট ৯। লিখটেনস্টাইন হেরেছে আট ম্যাচেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.