Sylhet Today 24 PRINT

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০২৩

এক সময় উপমহাদেশীয় ক্রিকেট-প্রতিদ্বন্দ্বিতার স্মারক হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ; বাংলাদেশ-ভারতের ম্যাচ হতো একপেশে। সে দিন বদলেছে অনেকটাই। এখন আগের দুই চির প্রতিদ্বন্দ্বির মাঠের লড়াই হয় একপেশে, বিপরীতে বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে যুদ্ধের দামামা; যুদ্ধটা অবশ্য মাঠের ক্রিকেটের।

যদিও বাংলাদশ-ভারতের পরিসংখ্যানে বাংলাদেশ পিছিয়ে ঢের, তবে সাম্প্রতিক লড়াইয়ে বাংলাদেশ বেশ এগিয়ে। গত ৪ দেখায় বাংলাদেশের জয় ৩ ম্যাচে; সর্বশেষ জয় বাংলাদেশের গত মাসে এশিয়া কাপে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৩ ম্যাচ, তাতে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে জয়ের পর হেরেছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। ভারতের সাফল্য এখন পর্যন্ত শতভাগ, তিন ম্যাচ খেলে জিতেছে তিনটিতেই।

আজকের ম্যাচটি দুই দলের ৪১তম সাক্ষাৎ। আগের ৪০ লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। তাদের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৮ বার। একটি ম্যাচ হয়েছে বাতিল।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে দুই দলের। তাতেও এগিয়ে ভারত। ২০০৭ সালে দুইদলের প্রথম সাক্ষাতেই কেবল জয় পায় টাইগাররা। সেই ম্যাচে তামিম-সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরি দেখেছিল টাইগার ভক্তরা। এরপর থেকে বাকি তিন ম্যাচেই ছিল পরাজয়।

দুই দলের মুখোমুখি দ্বৈরথে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের দখলে। সর্বশেষ দেখায় ইশান কিষানের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম ইন্ডিয়া। আর বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩০৭। মুস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচে মিরপুরে সেই রান করেছিল বাংলাদেশ।

ব্যক্তিগত রানের হিসেবেও এগিয়ে ভারতই। ইশান কিষানের ব্যাট থেকে এসেছে ডাবল সেঞ্চুরি। তার ২১০ রান এই দ্বৈরথের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১২১। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটনের ব্যাট থেকে এসেছিল সেই ইনিংস।

সর্বোচ্চ ব্যবধানের জয়ের ক্ষেত্রেও বেশ বড় ব্যবধানেই এগিয়ে ভারত। ২২৭ রানে জয় পেয়েছে তার। আর বাংলাদেশের সর্বোচ্চ জয় ৭৯ রানে। ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও সমৃদ্ধ ভারত। সবচেয়ে বেশি শতকের বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৪টি শতক আছে তার। এরপরই আছেন রোহিত শর্মা। ৩টি শতকের মালিক তিনি।

বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম, লিটন দাস, অলক কাপালি এবং মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১টি করে শতক। সবচেয়ে বেশি রানের ক্ষেত্রেও এগিয়ে বিরাট। টাইগার বোলারদের বিপক্ষে ৮০৭ রান আছে তার। বিপরীতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তার রান ৭৫১।

সবচেয়ে বেশি উইকেটের তালিকায় অবশ্য বাংলাদেশের আধিপত্য চোখে পড়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সাকিব আল হাসান নিয়েছেন ২৯ উইকেট। এরপরেই আছেন মুস্তাফিজ। তার উইকেট ২৫টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.