Sylhet Today 24 PRINT

তাসকিনের কী হলো?

স্পোর্টস ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২৩

তাসকিন আহমেদ; বাংলাদেশ পেস-অ্যাটাকের প্রাণভোমরা। বিশ্বকাপে যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি, তবু তাকে ঘিরে আশাবাদী দলের প্রত্যেকেই। সেই তাসকিন আহমেদকে পাওয়া যাচ্ছে না। ভারতের বিপক্ষে খেলেননি তিনি।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবারের (২৪ অক্টোবর) ম্যাচেও তাকে পাওয়া যাচ্ছে না। বোলিংয়ের সময় ডান কাঁধে অস্বস্তি অনুভব করছেন এই পেসার।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না তাসকিন। তাকে না পাওয়ার বিষয়টি ম্যাচের আগের দিন নিশ্চিত করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে তাসকিনকে না খেলানোর ব্যাখ্যায় সাকিব বলেছেন, 'তাসকিন কালকের ম্যাচ খেলতে পারছেন না। এই ম্যাচের পর থেকে সে খেলতে পারবে। তার কাঁধে সমস্যা রয়েছে। শেষ দুই ম্যাচে ভুগছে তাসকিন। ডাক্তার ও ফিজিও সিদ্ধান্ত নিয়েছে তাকে দুই ম্যাচের বিশ্রাম দিতে।'

প্রোটিয়াদের বিপক্ষে না পেলেও শেষ চার ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব, 'আশা করছি পরের চার ম্যাচে তাকে পাওয়া যাবে। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। তাকে আমরা সহজেই টুর্নামেন্টের মাঝপথে হারাতে চাই না। আর আমাদের হাতে তার রিপ্লেসমেন্টও কেউ নেই। তাই তাকে বিশ্রাম দেওয়াটা ভালো হয়েছে। আশা করছি চারটি ম্যাচ খেলতে পারবে।'

অনেক বছর থেকেই বাংলাদেশের পেস আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে আসছেন তাসকিন। তাকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা টাইগারদের জন্য। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। যে কারণে আরও এক ম্যাচ বিশ্রামে থাকছেন তিনি।

এবার বিশ্বকাপে অবশ্য প্রথম তিন ম্যাচে খেলে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। তিন ম্যাচে পেয়েছেন দুই উইকেট।

তবে সবমিলিয়ে সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে ছিলেন তাসকিন। সাত বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে ৬৬ ওয়ানডে খেলে ২৯.৯৭ গড়ে ৯২ উইকেট পেলেও এই বছর ২০২৩ সালেই ১৪ ম্যাচে ২০.৮৬ গড়ে নিয়েছেন ২৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.