Sylhet Today 24 PRINT

ফের বাংলাদেশের টিম ম্যানেজারের দায়িত্বে নাফিস ইকবাল

স্পোর্টস ডেস্ক |  ২১ নভেম্বর, ২০২৩

আবারও পুরনো পদে ফিরছেন নাফিস ইকবাল। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও তাকে দেখা যাবে বরাবরের মতো টাইগারদের টিম ম্যানেজার হিসেবে।

বিষয়টি নিশ্চিত করে নাফিস নিজেই জানিয়েছেন, আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। আর সিরিজ শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে থাকবেন কি না সেটা নিশ্চিত করেননি তিনি।

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিয়ে বরাবরের মতোই নানা নাটক ছিল বিসিবিতে। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করা হয়। একই দিনে অব্যাহতি দেওয়া হয় টিম ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে। তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক নাফিস ইকবাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.