Sylhet Today 24 PRINT

বিশ্ব রেকর্ড গড়লো গাপটিল-উইলিয়ামসন জুটি

স্পোর্টস ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৬

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় এনে দেওয়ার পথে বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।

টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন গাপটিল-উইলিয়ামসনের অধিকারে। অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটি গড়ার পথে তারা ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও লুটস বসম্যানের রেকর্ড।

২০০৯ সালে সেঞ্চুরিয়নের ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে এসে ১৭০ রানের জুটি গড়েছিলেন স্মিথ-বসম্যান। এত দিন যে কোনো জুটিতে সেটিই ছিল সর্বোচ্চ রান।

টি-টোয়েন্টিতে যে কোনো জুটিতে নিউ জিল্যান্ডের আগের সর্বোচ্চও ছিল গাপটিল-উইলিয়ামসনের অধিকারে। ২০১২ সালে অকল্যান্ডে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটিতে সেই রেকর্ড গড়েছিলেন তারা।

অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটিতে ব্রেন্ডন ম্যাককালাম ও জেসি রাইডারের রেকর্ড কেড়ে নিয়েছেন গাপটিল-উইলিয়ামস। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩০ রানের জুটি গড়েছিলেন ম্যাককালাম-রাইডার। এত দিন টি-টোয়েন্টিতে সেটাই ছিল নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় উদ্বোধনী জুটি।

রোববার হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। গাপটিল-উইলিয়ামসনের দৃঢ়তায় ১৪ বল বাকি থাকতেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।

৮৭ রানে অপরাজিত থাকেন গাপটিল। তার ৫৮ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও ৪টি ছক্কায়। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান উইলিয়াসন খেলেন ৭২ রানের আরেকটি চমৎকার ইনিংস। তার ৪৮ বলের ইনিংসটি ১১টি চার সমৃদ্ধ।

এই জুটিতে দুই জন রান তুলেছেন সমান তালে। দুই জনেরই স্ট্রাইক রেট ছিল ১৫০ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.