সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ১৭ জানুয়ারী, ২০১৬
ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে। সৌম্য সরকার-সাব্বির রহমানদের দারুণ ব্যাটিংয়ে সফরকারী জিম্বাবুয়েকে ১৬৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে টাইগাররা।
চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নামেন টাইগারদের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস-৪ ও গাজী টিভিতে।
প্রথম ৫ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪০ রান। দুর্দান্ত শুরু করেন তামিম-ইমরুল। তবে, ইনিংসের ষষ্ঠ ওভারে তামিম ব্যক্তিগত ২৩ রান করে বিদায় নেন। ১৭ বলে তিনটি চার আর একটি ছক্কা হাঁকানো তামিমের ইনিংস শেষ হয় মুজারাবানির বলে ভিটোরির তালুবন্দি হয়ে।
টাইগারদের ওপেনার তামিম ইকবাল ফিরে গেলেও আরেক ওপেনার সৌম্য সরকার দারুণ ব্যাটিং করছিলেন। তবে, গ্রায়েম ক্রেমারের করা ইনিংসের দশম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নেন তিনি। ম্যালকম ওয়ালারের হাতে ধরা পড়ার আগে সৌম্য ৩৩ বলে চারটি চার আর তিনটি বিশাল ছক্কা হাঁকান।
সৌম্যর বিদায়ে ব্যাটিংয়ে আসা মাহামুদুল্লাহ রিয়াদও (১ রান) দ্রুত ফিরে যান। এগারোতম ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
দলীয় ৭৬ রানের মাথায় তৃতীয় উইকেটের পতনের পর রানের চাকা ঘোরান মুশফিকুর রহিম এবং সাব্বির রহমান। ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
পায়ের পেশীতে টান পড়ায় ১৬তম ওভারের পর মাঠ ছাড়েন ২৪ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। ২০ বলে তিনি তার ইনিংসটি সাজিয়েছিলেন।
মুশফিকের মাঠ ত্যাগে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। অপরাজিত থাকা সাকিব খেলেন ২৭ রানের দারুণ একটি ইনিংস। তার ১৭ বলের ইনিংসে ছিল দুটি চার আর একটি ছক্কা।
সাব্বির রহমান ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩০ বলে একটি চার আর তিনটি ছক্কা হাঁকান সাব্বির।