Sylhet Today 24 PRINT

ব্যাটারের পড়ে যাওয়া দেখে আউট করলেন না শরিফুল

স্পোর্টস ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২৩

নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি জিতে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার সন্নিকটে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতবে। এমন ম্যাচেও প্রতিপক্ষ ব্যাটারকে আউটের সুযোগ পেয়েও আউট করেননি বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।

টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেওয়ার সুযোগ পেয়ে যান শরিফুল ইসলাম। কিন্তু ক্রিকেট স্পিরিটের কথা চিন্তা করে সুযোগ নেননি তিনি। রান আউট করেননি কিউই ওপেনার টিম শেইফার্টকে।

ঘটনা দ্বিতীয় ওভারের পঞ্চম বলের। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামা নিউজিল্যান্ড শিবিরে দ্বিতীয় বলেই ধাক্কা দেন শরিফুল। তুলে নেন ওপেনার ফিন অ্যালেনকে।

ওই ওভারের পঞ্চম বলে তিনে নামা ড্যারেল মিশেল জোরের ওপর সোজা শট খেলেন। বল গিয়ে লাগে নন স্ট্রাইক প্রান্তের শেইফার্টের হেলমেটে। ক্রিজে পড়ে যান তিনি। বল আসে উইকেট দাঁড়িয়ে থাকা শরিফুলের হাতে।

বাংলাদেশ দলের বাঁ-হাতি পেসার স্টাম্পে বল ছুড়ে রান আউট করতে পারতেন। রান আউট করার জন্য হাত তুলেও শেষ পর্যন্ত বল ছোড়েনি তিনি। ব্যাটার শেইফার্টের সামান্য বডি মুভমেন্ট দেখে দ্বিতীয় এটেম্প নেন শরিফুল। তিনি আন্ডার আর্ম থ্রো ইনে রান আউট করার চেষ্টা করেন। কিন্তু ওই বারও নিজেকে নিবৃত করেন এই ক্রিকেটার।

উল্লেখ্য, ২০২২ সালের ১ জানুয়ারিতে শুরু হওয়া টেস্টে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ। এবার নেপিয়ারে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় পায় প্রথমবারের মতো। আর গত ম্যাচে সেই নেপিয়ারেই প্রথম টি-টোয়েন্টি জিতেছে টাইগাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.